সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে আগামী ২ জানুয়ারি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা সৃষ্টি হয়। তবে শিডিউল অনুযায়ী, আগামী ২ জানুয়ারি থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এ ব্যাপারে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে একদিনের কর্মবিরতি (আগামীকাল) এবং ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত ৩দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই ধারাবাহিকতায় ১দিন কর্মবিরতি ও ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত ৩দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। এদিকে শিডিউল অনুযায়ী আগামী ২ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা।
এ বিষয়ে চবি উপাচার্য দ্যা ঢাকা ডায়েরিকে বলেন, "আমাদের যে শিডিউল ঘোষণা করা আছে সেই শিডিউল অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা এ ব্যাপারে উপর থেকে এখনো কোনো নির্দেশনা পাইনি। রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী আগামীকাল কর্মবিরতি এবং তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তবে ভর্তি পরীক্ষার ব্যাপারে উপর থেকে কোনো নির্দেশনা এলে জরুরি সভার সিদ্ধান্ত আলোকে জানিয়ে দেয়া হবে।"
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা ঘোষিত সময়সূচি অনুযায়ী- A ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ জানুয়ারি, B ইউনিটের পরীক্ষা ৩ জানুয়ারি, C ইউনিটের পরীক্ষা ৯ জানুয়ারি, D ইউনিটের পরীক্ষা ১০ জানুয়ারি, B1 উপ-ইউনিটের পরীক্ষা ৫ জানুয়ারি, B2 উপ-ইউনিটের পরীক্ষা ৬ জানুয়ারি এবং D1 উপ-ইউনিটের পরীক্ষা ১২ জানুয়ারি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধান চার ইউনিট- A, B, C ও D-এর ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকা বিভাগের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং রাজশাহী বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই তারিখে এবং একই সময়ে অনুষ্ঠিত হবে। তবে B1, B2 এবং D1 উপ-ইউনিটের পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে।